আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:৫২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, সকালে তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বিমানবন্দর থানা পুলিশ। পরে দুই পক্ষের যুক্তিতর্ক শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন নিরাপত্তার কথা বিবেচনা করে পরে ভিন্ন পথে আদালতে আনা হয় আখতারুজ্জামানকে। এ সময় প্রিজন ভ্যানের ভেতর থেকেই সরকারকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাকে হেলমেট পরাতে গেলে তা ছুড়ে ফেলে দেন এই নেতা।
গারদখানায় না নিয়ে দুপুর একটার দিকে সরাসরি আদালতে তোলা হয় তাকে। অবসরপ্রাপ্ত মেজরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানিকালে এজলাসের ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।
উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে আখতারুজ্জামানকে।
গত ১ অক্টোবর সৌদি আরব থেকে ওমরা শেষে দেশে ফেরেন আখতারুজ্জামান। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বিলম্বের ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে বিমানবন্দরের এক কর্মকর্তার গায়ে হাত তোলেন তিনি।
এমএসি/আরএইচ