বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের আত্মপ্রকাশ, সভাপতি ধীমন ও সম্পাদক সায়মন তারিক

বিনোদন প্রতিবেদক

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, দুপুর ০২:১৫


বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন (বিএফএসএফ)। সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন কুমিল্লা ফিল্ম ক্লাবের মোহাম্মদ দেলোয়ার হোসেন ও কুষ্টিয়া ফিল্ম ক্লাবের মোহাম্মদ জাহাঙ্গীর। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বেঙ্গল ফিল্ম সোসাইটির জীবন শাহাদাৎ। অর্থ সম্পাদক হয়েছেন ঢাকা ফিল্ম সোসাইটির মির্জা সাখাওয়াৎ হোসেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার ফিল্ম ক্লাবের মোহাম্মদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিংকএশিয়া ফিল্ম সোসাইটির মো. মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক চিলড্রেন ফিল্ম ক্লাবের জেসমিন আক্তার নদী।

নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন রাজবাড়ী ফিল্ম সোসাইটির মো. মনিরুজ্জামান, বাংলা কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির মো. রোকনুজ্জামান, বাংলাদেশ চলচ্চিত্র সংসদের কাজী সাইমুল হক, বরেন্দ্র ফিল্ম সোসাইটির সুলতানুল ইসলাম টিপু, রেডরোজ ফিল্ম ক্লাবের ব্যারিস্টার আইয়ান গাফ্ফার খান এবং সেলুলয়েড ফিল্ম ক্লাবের মো. মইনুল ইসলাম।

সভায় ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে ভূমিকা রাখবে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন। চলচ্চিত্র সংসদভিত্তিক সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক সংস্কৃতিচর্চার প্রসারেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চলচ্চিত্র সংসদ ও চলচ্চিত্রপ্রেমী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলাই নবগঠিত ফেডারেশনের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।

সভায় বিভিন্ন চলচ্চিত্র সংসদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্রবোদ্ধারা উপস্থিত ছিলেন।

এমএসি/আরএইচ

Link copied