সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৪৩
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দেশজুড়ে নানা কর্মসূচি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। দিনের শুরুতে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে, বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।
এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
যে কারণে ২১ নভেম্বর গুরুত্বপূর্ণ
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে ২১ নভেম্বর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে প্রথমবারের মতো স্থল, জল ও আকাশপথে সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালানো হয়।
সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত এই অভিযান মুক্তিযুদ্ধকে নতুন মাত্রা দেয়। গেরিলা যুদ্ধের পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত সামরিক আক্রমণে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। ত্বরান্বিত হয় মুক্তিযোদ্ধাদের বিজয়ের অগ্রযাত্রা।
এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়। সেই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
এমএসি/আরএইচ