কোরিয়ার কাছে ৫-০ গোলে হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৪৭


এশিয়ান গেমসে পুরুষ হকিতে হার দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। পুল ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দুই কোয়ার্টারে প্রতিরোধ গড়লেও পরের দুই কোয়ার্টারে কোরিয়ার আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ কোরিয়া। তবে প্রথম ২০ মিনিটে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে গোলমুখ অক্ষত রাখেন রোমান সরকাররা। ফলে প্রথম কোয়ার্টার গোলশূন্য অবস্থায় শেষ হয়।

বিরতির পরও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে কোরিয়া। তৃতীয় কোয়ার্টারের ৩০তম মিনিটে লি গ্যাংসান ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন। এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ব্যবধান কমাতে কয়েকটি আক্রমণও তৈরি করে দলটি। কিন্তু কোরিয়ার জমাট রক্ষণ ভেদ করে গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ম্যাচের শেষদিকে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় দক্ষিণ কোরিয়া। ৫৮তম মিনিটে সিম জেওনের ফিল্ড গোলে ৫-০ হয় স্কোরলাইন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পাঁচ গোলের হার নিশ্চিত হয় বাংলাদেশের। কোরিয়ার পাঁচ গোলের চারটিই এসেছে ফিল্ড গোল থেকে, অন্যটি পেনাল্টি কর্নার থেকে।

এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে এখন স্বাগতিক জাপান। আগামী ২২ সেপ্টেম্বর পুল ‘এ’-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এমএসি/আরএইচ

Link copied