জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:২৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে ডাকসুর মেয়াদ সম্পন্ন করায় ছাত্রনেতাদের অভিনন্দন জানান জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেত ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের কাছে খোঁজখবর নেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের কল্যাণে ডাকসু কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধা দেওয়ার অভিযোগ এবং ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার জন্য ডাকসু নেতৃবৃন্দের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় থাকার পরামর্শ দেন। পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির।
এমএসি/আরএইচ