মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

বিশ্ব ডেস্ক

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৬


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। খবর সিএনএনের।

দুর্ঘটনার ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। স্থানীয় সময় বিকেলে একটি আবাসিক এলাকার কাছের মাঠে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার আগে এফ-১৬টির সঙ্গে থাকা আরেকটি বিমানের পাইলট সম্ভাব্য বিপদের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিওতে তাকে বলতে শোনা যায়, যুদ্ধবিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিমানটির ইঞ্জিনে সমস্যা হয়ে থাকতে পারে। পাইলট বিমান থেকে বের হয়ে যাওয়ার পর দুর্ঘটনাস্থলে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছিল বলেও তিনি জানান।

মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, যুদ্ধবিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগেই তিনি নিরাপদে বের হয়ে আসেন। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।

দুর্ঘটনার পর বিমান থেকে সংশ্লিষ্ট একটি ‘বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার’ আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ এবং যুদ্ধবিমানটির ইঞ্জিনে কী ধরনের সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

এমএসি/আরএইচ

Link copied