রিয়াজ কি গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন?
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০২:৩০
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদকে ঘিরে আবারও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চুপিসারে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে চলচ্চিত্রপাড়ায়। তবে এ বিষয়ে রিয়াজ কিংবা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এয়ারপোর্টের একটি সূত্র জানিয়েছে, রিয়াজ বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন—এমন কোনো তথ্য তাদের জানা নেই। সূত্রটির ভাষ্য, তিনি স্থলবন্দর দিয়ে দেশ ছাড়লে বিমানবন্দর কর্তৃপক্ষের তা জানার কথা নয়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তবে সে সময়ের পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা যায়।
এরপর থেকেই রিয়াজের দেশত্যাগের চেষ্টা নিয়ে নানা সময়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়েছে। জুলাইয়ের আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতায় অবস্থান নেওয়া এবং বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সম্প্রতি জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন তিনি। গত ৩ সেপ্টেম্বর আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।
দীর্ঘদিন ধরে রিয়াজকে এফডিসি কিংবা কোনো প্রকাশ্য আয়োজনে দেখা যাচ্ছে না। তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরও দীর্ঘদিন ধরে বন্ধ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের কাছেও তার বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানা গেছে।
এ অবস্থায় চলচ্চিত্রপাড়ায় ছড়িয়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন, রিয়াজ গোপনে সীমান্ত পেরিয়ে ভারত হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। আবার কারও ধারণা, আইনি জটিলতা কিংবা জনরোষের আশঙ্কায় তিনি দেশের ভেতরেই কোনো নিরাপদ স্থানে অবস্থান করছেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরই মধ্যে আত্মগোপনে থাকা রিয়াজের মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে তার মৃত্যুর দাবি করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে রিয়াজের স্ত্রী গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করে জানান, খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি যেখানে আছেন, ভালো আছেন বলেও জানান তিনি।
তবে রিয়াজ বর্তমানে বাংলাদেশে, নাকি বিদেশে—এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকেও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় রিয়াজের। এরপর ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্র ‘শুভ্র’ হিসেবেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘অপারেশন সুন্দরবন’ তার অভিনীত সর্বশেষ সিনেমা।
একসময় বিমান বাহিনীর প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করা রিয়াজ পরবর্তী সময়ে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতাদের একজন হয়ে ওঠেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি ঘটনাপ্রবাহের পর দীর্ঘদিন ধরে তার প্রকাশ্য অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে রহস্য। যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরটি সত্য কি না, নাকি তিনি এখনো দেশেই আছেন—এ প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় তার ভক্ত ও সহকর্মীরা।
এমএসি/আরএইচ