জনগণের স্বার্থই পররাষ্ট্রনীতির মূল বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:৪৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে দেশটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য কোনো দেশের স্বার্থে বাংলাদেশকে ‘দাবার বোর্ড’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না; বরং নিজেদের শর্তেই বিশ্বমঞ্চে এগিয়ে যেতে চায় ঢাকা।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ সম্মেলন ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের সামনে দুটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এর একটি ছিল অপ্রত্যাশিত জ্বালানি সংকট। অন্যটি ছিল উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নতুন উৎস ও ক্ষেত্র খুঁজছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে থাকা নিজস্ব গ্যাস ও এলএনজির সম্ভাবনাও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সৌরবিদ্যুতের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্বালানির ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিককে আরও স্বনির্ভর করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘদিনের এই পরিস্থিতি দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করেছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সবসময় রোহিঙ্গাদের বিষয়ে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান বজায় রেখেছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ তার অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এবারের বে অব বেঙ্গল কনভারসেশনের মূল থিম ‘Fragments, Frontiers, Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
এমএসি/আরএইচ