৪৯তম বিসিএসে আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:১৬


৪৯তম বিশেষ বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ৪৯তম বিশেষ বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। 

৪৯তম বিশেষ বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিল।

পিএসসির সুপারিশের পর কয়েক ধাপে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হলেও কিছু প্রার্থী প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত না হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

এর ফলে ৪৯তম বিশেষ বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এর আগে গত সপ্তাহে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগপ্রক্রিয়ার অন্যান্য আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের পদায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে। 

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হচ্ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমএসি/আরএইচ

Link copied