তবে কি ভেঙে যাচ্ছে সাবিলার ৭ বছরের সংসার
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ০১:৩৫
শোবিজে চাউর হচ্ছে―ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাবিলা নূরের বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন মাধ্যমে তাদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন দেখা যাচ্ছে। তাতে দাবি করা হচ্ছে, স্বামী নেহাল তাহেরের সঙ্গে ৭ বছরের সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন এই অভিনেত্রী।
এমনকি কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিচ্ছেদের আগে কয়েক মাস ধরে আলাদা রয়েছেন সাবিলা-নেহাল। আবার অভিনেত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মতের অমিলের কারণেই স্বামী নেহালের সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সাবিলা।
এদিকে বিনোদন পাড়ায় জোর গুঞ্জন, নতুন সম্পর্কে জড়িয়েছেন ‘তাণ্ডব’ সিনেমার এই অভিনেত্রী। বিজ্ঞাপন ও চলচ্চিত্রের একজন ডিরেক্টর অব ফটোগ্রাফির সঙ্গে নাকি প্রেমও করছেন।
নতুন এই সম্পর্কের কারণে নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ঝড় উঠেছে। হঠাৎ করেই ডিওপির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। যা তাদের দূরত্ব ক্রমেই বিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে।
তবে সম্পর্কের ইতি টানা কিংবা নতুন প্রেম নিয়ে অভিনেত্রী সাবিলা বা তার স্বামী নেহাল এখনো কোনো মন্তব্য করেননি। ফলে গুঞ্জন ঠিক কতটা সত্য বা প্রকৃত সত্য কখন সামনে আসবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ ডিসেম্বর ভালোবেসে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন নেহাল ও সাবিলা। ব্রডকাস্ট প্রকৌশলী নেহালের সঙ্গে শুরুতে সম্পর্ক বন্ধুত্বের থাকলেও একসময় তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে মডেলিং করছেন সাবিলা। শুরুতে কিছু বিজ্ঞাপনে কাজ করে নজর কাড়েন সবার। পরবর্তীতে নাটকে অভিষেক করেন। তারপর বড়পর্দায় নাম লেখান। ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন। এছাড়াও তাকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে।
এমএসি/আরএইচ