সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা জানাল সরকার
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১:৫০
দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। শূন্যপদ রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে।
কার্যপত্রে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের প্রশাসনে শূন্য পদ পূরণে সরকারের নির্বাচনি ইশতেহার অনুসারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারের প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ৬১টি পদ পূরণ করা হয়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও তাদের অধীন কার্যালয়গুলোতে অনুমোদিত পদ ৪১ হাজার ৭৫৫টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ২৭ হাজার ১৭৭ জন এবং শূন্যপদ ১৪ হাজার ৫৭৮টি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব জনবলের চিত্রেও শূন্য পদের তথ্য রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদিত ৬২৯টি পদের বিপরীতে কর্মরত ৫০৫ জন। শূন্য রয়েছে ১২৪টি পদ।
বৈঠকে বিশেষ বিসিএসে নিয়োগ, প্রার্থী যাচাই-বাছাই, গোয়েন্দা প্রতিবেদন ও প্রশাসনিক কর্মকর্তাদের বদলি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টি উঠে আসে।
তবে শুধু দলীয় পরিচয়ের কারণে কাউকে শাস্তি দেওয়া উচিত নয় বলেও মত দেন আলোচনায় অংশ নেওয়া সদস্যরা।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি বা প্রশাসনিক প্রতিবন্ধকতা থাকলে তা কমিটির সামনে স্পষ্টভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছেন সভাপতি। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ধীরগতির প্রকল্পগুলোর কারণ অনুসন্ধান এবং সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও সহযোগিতা নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি।
কমিটির সভাপতি সাঈদ আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুল বারী, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু ও নূরুল ইসলাম বুলবুল।
এমএসি/আরএইচ