মালয়েশিয়া শ্রমিক দলের নতুন কমিটি, সভাপতি সাম্য-সম্পাদক সেলিম

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:২৫


মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সাবেক ছাত্রনেতা মো. শাহিন শাহ সাম্যকে সভাপতি এবং সেলিম সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। প্রবাসে বসবাসরত বাংলাদেশি শ্রমজীবীদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত দলীয় প্যাডে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। আগের কমিটির দৃশ্যমান দলীয় কার্যক্রম না থাকায় সেটি বাতিল করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম সজিব।

নবগঠিত কমিটির সভাপতি মো. শাহিন শাহ সাম্য বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করার কথাও জানান তিনি।

কমিটির সাধারণ সম্পাদক সেলিম সরকার বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সহযোগিতা করা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই হবে তাদের অগ্রাধিকার। এ ক্ষেত্রে প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমজীবীদের অধিকার ও কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা মোকাবিলায় নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

এমএসি/আরএইচ

Link copied