বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:০৮


বাংলাদেশে জাপানকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে। ভবিষ্যতে, উন্নয়ন-অগ্রগতিতে জাপানকে পাশে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দেন দুই দেশের সরকার প্রধান। বৈঠক শেষে যৌথ সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পারষ্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের উপর নির্ভর করে জাপান বাংলাদেশ সম্পর্ক। দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই দুই দেশের লক্ষ্য বলেও জানান তিনি।

এদিকে, যৌথ সম্মেলনে, বাংলাদেশের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়ে দুই সরকার প্রধান গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে।

তিনি জানান, বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান। বাংলাদেশে মেরিটাইম সেফটির জন্য জাপান সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

এছাড়াও, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট কে যুগোপযোগী করার বিষয়ে দুই দেশের ঐকমত্যের কথাও জানান তাকাইচি।

দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

এ সময় জাপান ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। গার্ড অব অনার প্রদানের সময় দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়ান।

সংবর্ধনা অনুষ্ঠানের পর সফরসঙ্গীদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

একইভাবে জাপানের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে ভবনের মূল কক্ষে প্রবেশ পথে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে উভয় প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দুপুরে কানতেইতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। মধ্যাহ্নভোজের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেবেন এবং শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করবেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন এবং পাল্টা শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করবেন।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জাপানের টোকিওতে প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের লম্বা সড়কের দুই পাশে টানানো হয় বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে টোকিও পৌঁছান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

এমএসি/আরএইচ

Link copied