গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, রাত ১২:১৯
গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জামায়াতের এ নেতার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট করা হয়।
পোস্টে বলা হয়, ‘থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ– গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতারই আরেকটি প্রমাণ।’
এতে আরও বলা হয়, ‘গোপালগঞ্জের মানুষ আজ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।’
পোস্টে অভিযোগ করা হয়, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।’
এই চরম উদ্বেগজনক পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা অপরিহার্য বলেও উল্লেখ করা হয় পোস্টটিতে।
এমএসি/আরএইচ