বাচ্চাদের ইংরেজি অনুশীলনটা হোক স্কুল ও ঘরের সমন্বিত প্রয়াসে

হাজেরা আক্তার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৪৪


বর্তমান সময়ে ইংরেজি ভাষায় দক্ষতা থাকাটা কতটা জরুরি হয়ে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। একটা সময় পর্যন্ত ইংরেজি ভাষাজ্ঞান থাকাটাকে মনে করা হতো শুধু উচ্চশিক্ষা অর্জন, বিদেশ পাড়ি কিংবা বিশেষ কিছু চাকরির যোগ্যতার মাপকাঠি হিসেবে। তবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এ চিত্র পুরোটাই বদলে গিয়েছে।

এখন কেউ যদি তার পুরো জীবন নিজ দেশেই অবস্থান করার পরিকল্পনা করে এবং উচ্চশিক্ষা পর্যায়েও না যায়, সে ক্ষেত্রেও যেকোনো ছোটখাটো চাকরির ক্ষেত্রে পূর্বশর্ত থাকে যে, ইংরেজি ভাষায় বলা ও লেখায় পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া যেকোনো ধরনের শিক্ষা গ্রহণ ও প্রদানসহ দেশ-বিদেশের সর্বপ্রকার কর্মক্ষেত্রেই ইংরেজি ভাষাজ্ঞানকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হয়ে থাকে।

এমতাবস্থায়, বর্তমান সময়ের এই প্রয়োজনীয়তাকে মাথায় রেখে আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। অসংখ্য গবেষণাতেও প্রমাণিত হয়েছে যে, শিশুদের প্রাথমিক বয়সে (আর্লি এইজ) ভাষা শেখানো খুবই কার্যকরভাবে সফলতা বয়ে আনতে পারে। এ সময় শিশুদের মস্তিষ্ক খুবই দ্রুত ও সক্রিয়ভাবে শেখার ক্ষমতা রাখে। তাই অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা বিবেচনা করে ছোটবেলা থেকেই সন্তানদের চর্চা করানো দরকার।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভরতা নয়

বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, অভিভাবকেরা সন্তানদের ইংরেজি শেখার বিষয়টি নির্দিষ্ট কিছু মাধ্যমের ওপর ছেড়ে দেন এবং সেগুলোর ওপরই শতভাগ নির্ভরশীল থাকেন। এর মধ্যে বিশেষ করে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার কিংবা প্রাইভেট টিউটর। কিন্তু এসব মাধ্যম কখনোই আপনার সন্তানের শতভাগ শেখা নিশ্চিত করতে পারে না—যতক্ষণ না তারা বাসায় বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সান্নিধ্যে ভাষাটির চর্চা করছে।

একটি নতুন ভাষা শেখা অনেকাংশেই নির্ভর করে একজন ব্যক্তি ভাষাটি কতটা বাস্তবসম্মত পরিবেশে চর্চা করছে তার ওপর। বর্তমান সময়ে আধুনিক ইংলিশ মিডিয়াম কিংবা ইংলিশ ভার্সন স্কুলগুলোতে শিক্ষকেরা প্রায় আশি থেকে শতভাগ যোগাযোগ ও নির্দেশনা ইংরেজিতে দিয়ে থাকেন। এতে করে শিশুদের ইংরেজিতে কথা বলা, শুনে বুঝতে পারা ও লেখার দক্ষতা অনেকখানি বৃদ্ধি পায়।

কিন্তু স্কুলের নির্দিষ্ট কিছু সময় পার করার পর দিনের একটি বড় অংশ তারা কাটায় নিজ নিজ বাসায়। ফলে স্কুল থেকে যা শিখে আসে, চর্চার অভাবে তা ভুলে যাওয়ার যথেষ্ট ঝুঁকি থেকে যায়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে মূলত একাডেমিক ও নির্ধারিত কিছু বিষয়ের ওপরই শিক্ষার্থীদের ইংরেজি ব্যবহারের সুযোগ হয়। অন্যদিকে পারিবারিক জীবন, আত্মীয়স্বজনের সঙ্গে কথোপকথন, দৈনন্দিন চলাফেরা, খাওয়া-দাওয়া, খেলাধুলা, বন্ধুদের সঙ্গে মেলামেশা কিংবা অবসর যাপনের যে পুরো যোগাযোগ প্রক্রিয়াটি তা অগোচরেই থেকে যায়।

এ ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর বাবা-মা ও পরিবারের সদস্যদের একটি বিরাট ভূমিকা পালন করা আবশ্যক, যদি তারা চান যে তাঁদের সন্তান ইংরেজি ব্যবহারে পুরোপুরি পারদর্শী হয়ে উঠুক।

বাসায় দৈনন্দিন কথোপকথনে ইংরেজি অনুশীলন শুরু করবেন কীভাবে?

এ ক্ষেত্রে অভিভাবকদের মনে প্রশ্ন আসতে পারে, “আমরা কীভাবে বা কীসের মাধ্যমে বাচ্চাদের ইংরেজি অনুশীলন করাতে পারি?” দ্বিতীয় প্রশ্ন হতে পারে, “যদি অভিভাবকদের নিজেদেরই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে দুর্বলতা থাকে, তবে তাঁরা কী পদ্ধতি অবলম্বন করবেন?”
দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েই শুরু করা যাক—হ্যাঁ, অনেক অভিভাবকেরই এই সমস্যা থাকতে পারে, তবে তা খুব সুন্দরভাবেই সমাধানযোগ্য। ইচ্ছা থাকলেই উপায় হয়! কিছু কৌশল অনুসরণ করলে বাসায় সন্তানদের সঙ্গে ইংরেজি চর্চা করা মোটেও কঠিন কিছু নয়।

প্রথমেই অভিভাবকেরা দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়—যেমন সকালে ঘুম থেকে ওঠা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, স্কুল থেকে ফেরার পর দুপুরের খাবার, বিকেল, সন্ধ্যা ও রাতের নানা কর্মকাণ্ড অনুযায়ী কাজের তালিকা তৈরি করে নিতে পারেন। সেই নির্দিষ্ট মুহূর্তগুলোতে কী কী নির্দেশনা, আদেশ, নিষেধ, মতামত বা আলোচনা হতে পারে—তা খাতায় বা তালিকায় সাজিয়ে নেওয়া যেতে পারে।

এরপর সেই কথোপকথনগুলোর ইংরেজি অনুবাদ করে নিতে হবে, যা এখন অত্যন্ত সহজ। ডিজিটাল প্রযুক্তির সঙ্গে আমরা কম-বেশি সবাই পরিচিত। ইউটিউব, গুগল কিংবা চ্যাটজিপিটি (AI)-এর সহায়তা নিয়ে এসব কথোপকথনের ইংরেজি রূপ খুব সহজেই তৈরি করে নেওয়া সম্ভব।

পরিস্থিতি ও প্রেক্ষাপট অনুযায়ী ইংরেজিতে কথোপকথন

এরপরই অভিভাবকেরা পরিস্থিতি অনুযায়ী সন্তানদের সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারেন। যেমন, সকালে ঘুম থেকে তোলার সময় বলা যায়: “Wake up, it’s morning. You need to pray Fajr.” আবার স্কুল থেকে ফেরার পর জিজ্ঞেস করতে পারেন: “How was your time at school today?” কিংবা বিকেলের নাশতায় সে কী খেতে চায়, তা জানতে চাইতে পারেন এভাবে: “What would you like to have for an afternoon snack?”
তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে—আপনি ইংরেজিতে প্রশ্ন করার পর সন্তান কীভাবে তার অভিব্যক্তি প্রকাশ করবে, সে ব্যাপারে তাকে গাইড করতে হবে। শিশু যখন বাংলায় উত্তর দেবে, তখন সেটিকে কীভাবে ইংরেজিতে বলতে হয় তা শিখিয়ে দিন। যেমন, সে যদি বলে, “আম্মু, আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাচ্ছি”, তখন তাকে বলুন বাক্যটি এভাবে বলতে: “Mom, I will get up in a little while.” অথবা সে যদি বলে, “আম্মু, আমি কি আর ৫ মিনিট ঘুমাতে পারি?”, তবে তা ইংরেজিতে হবে: “Mom, can I sleep for five minutes more?”
বিকেলের নাশতার ক্ষেত্রে সন্তান যদি বলে সে চিকেন ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, তবে তাকে বাক্যটি শিখিয়ে দিন: “Mom, I want to have fried chicken with French fries today.”
সাধারণত স্কুল থেকে ফেরার পথে অভিভাবকেরা জানতে চান যে দিনটি কেমন কাটল। সন্তানেরা তখন আনন্দ বা ভালো লাগার কথাগুলো মনের আনন্দে প্রকাশ করে। সেই উত্তরটি যদি শিশু ইংরেজিতে বলে, তবে তা হতে পারে এমন: “I had a lot of fun at school today. I enjoyed lots of fun activities such as drama and acting.”

ইংরেজি শেখার উদ্দেশ্য মাতৃভাষাকে ছোট করা নয়, বরং চিন্তার পরিধিকে সমৃদ্ধ করা

প্রবাদে আছে, “Many men, many minds”—নানা মুনির নানা মত। ফলে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তার কথা বললে অনেকেই একে মাতৃভাষার সঙ্গে সাংঘর্ষিক মনে করতে পারেন। কারও কারও ধারণা হতে পারে, শিশুকে নিজ ভাষার চেয়ে বিদেশি ভাষায় বেশি উৎসাহিত করা হচ্ছে।

তবে এই ধারণাটি সঠিক নয়। শিশুকে বাস্তবমুখী ও দক্ষ করে তুলতে যেমন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক তেমনই বর্তমান বিশ্বব্যবস্থায় ইংরেজিও একটি অপরিহার্য জীবনদক্ষতা (Life Skill)। মাতৃভাষায় শক্ত ভিত রেখেই আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি শেখা শিশুর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্মিলিত উদ্যোগেই সফলতা সর্বোপরি, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বাসায় কীভাবে শিশুদের ইংরেজি ভাষা চর্চা করানো যায়—এখানে তার কিছু বাস্তবসম্মত কৌশল আলোচনা করা হয়েছে। কোনো অভিভাবক যদি সত্যি চান তাঁর সন্তান ইংরেজি ভাষায় পুরোপুরি সাবলীল হোক, তবে তাঁদের নিজেদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এভাবে সম্মিলিত ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই প্রতিটি শিক্ষার্থীর ইংরেজিতে সাবলীল হওয়ার স্বপ্ন ও লক্ষ্য—দুটোই পূরণ করা সম্ভব।

লিখেছেন- হাজেরা আক্তার, সহকারী শিক্ষক, আল ইহসান একাডেমি।

এমএসি/আরএইচ

Link copied