সাবেক এমপি মুক্তি বিশ্বাসের বাড়িসহ ২০০ বাড়িঘরে অগ্নিসংযোগ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:২৫
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়িসহ কালিয়া উপজেলার আওয়ামী লীগের অন্তত ২০০ নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার বেন্দারচরসহ আশপাশের কয়েকটি এলাকায়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অন্তত দুই শতাধিক বাড়িঘরে এ হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ফেসবুক পেজেও এ-সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ওই হত্যাকাণ্ডের পর ক্ষোভ ও প্রতিশোধের জেরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়ি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এর আগে গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন। বিএনপি নেতাকর্মীরা এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
ওই দুই নেতার মৃত্যুর পর থেকেই কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ নির্বাচন বিশ্বাস জাহাঙ্গীর আলম নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ওসি ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ ঘটনার সংবাদ যেভাবে ছড়িয়েছে তার সবটাই পুরোপুরি সত্য নয়। তবে ৫-৬টা বাড়িঘরে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। আর বাকিসব বাড়িঘর গত ২০২৪ সালেই ভাংচুর হয়েছিল।
এমএসি/আরএইচ