পাগলা মসজিদে তিন ঘণ্টায় পাওয়া গেছে ১০ কোটি টাকা

রাজনীতি প্রতিবেদক

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৪৮


কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার সকাল থেকে গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। এখনো চলছে গণনার কাজ। গণনা শেষ হলে জানা যাবে এবার মোট দানের পরিমাণ।

রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সকালে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয়তলায় নেওয়া হয়। সকাল ৯টার দিকে শুরু হয় গণনার কাজ। তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। এখনো চলছে গণনা ।

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকাল সোয়া ৭টার দিকে পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সের সংখ্যা ১৩টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছে। দানবাক্স খুলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা।

সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদসংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। নগদ অর্থের পাশাপাশি সেবারও পাওয়া যায় স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা।

দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কার্যক্রমও শুরু হয়। গত ১২ অক্টোবর স্বর্ণ ও রুপার অলঙ্কার ওজন শেষে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালংকার। এ ছাড়া পাওয়া গেছে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা।

বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

এমএসি/আরএইচ

Link copied