পাকিস্তানে শাহবাজের অনুরোধে লং মার্চ স্থগিত করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৪৭


ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দলটির আমির হাফিজ নাঈমুর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত মুলতানে অবস্থান করবে দলটি।

মুলতানে এক সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার সঙ্গে যোগাযোগ করে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে জামায়াতের নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

হাফিজ নাঈম বলেন, প্রধানমন্ত্রী পাকিস্তানে ফেরার পর তার সঙ্গে বৈঠক করবেন তারা। ওই বৈঠক না হওয়া পর্যন্ত মুলতানে জামায়াতের অবস্থান কর্মসূচি চলবে। তবে আন্দোলন থেকে সরে আসবে না দলটি।
 

জামায়াত আমির আরও বলেন, সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা বা ছাড় সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয়। জ্বালানি তেলের দাম কমানো এবং পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

এছাড়াও পেট্রোলের দাম কমাতে সরকারকে জামায়াত কয়েকটি প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পাকিস্তানের চুক্তির কারণে পেট্রোলিয়াম লেভি কমানো সম্ভব নয় বলে জানিয়েছে সরকার।

ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চাওয়া হবে বলেও জানান হাফিজ নাঈম। তার দাবি, জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতির প্রতিবাদে জামায়াত দেশজুড়ে ৫১০টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং ধর্মঘটও ডেকেছে।

 এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফোনে কথা বলার সময় শাহবাজ শরিফ হাফিজ নাঈমকে ইসলামাবাদের অবস্থান কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার সাধারণ ও মধ্যম আয়ের মানুষের জন্য জ্বালানি তেলে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার চেষ্টা করছে।

জামায়াত আমির প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং কর্মসূচি স্থগিতের বিষয়টি বিবেচনা করার কথা বলেছেন। শাহবাজ শরিফ পাকিস্তানে ফেরার পর দুই নেতা বৈঠক করে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা

সূত্র: জিও নিউজ

এমএসি/আরএইচ

Link copied