'সালাউদ্দিন তানভীরকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে সরকার'
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:২১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার অভিযোগ করে বলেছেন, ‘শেখ হাসিনার আমলে বিরোধী মত দমনে যে পদ্ধতি অনুসরণ করা হতো এখনও তাই হচ্ছে। সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে গাজী সালাউদ্দিন তানভীরকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে সরকার।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে গাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থা তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ।
সারোয়ার তুষার বলেন, ‘সাইবার সুরক্ষা আইন মূলতঃ ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন ভার্সন।’
তিনি বলেন, ‘অতীতের মত নতুন করে পুলিশি হেফাজতে আবারও নির্যাতন শুরু হয়েছে, যার ভুক্তভোগী গাজী সালাউদ্দিন তানভীর।’
সরকার বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বাকশাল প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন এনসিপির এ নেতা।
তুষার বলেন, ‘গাজী সালাউদ্দিন তানভীরের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।’
এসময় গাজী সালাউদ্দিন অভিযোগ করেন তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, এমনকি তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা দেওয়ায় তিনি ঠিকমতো চলাচল করতে পারছেন না।
এমএসি/আরএইচ