সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:৪৮


২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। ধ্রুপদি সাহিত্য-ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ তৈরির জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
 
কমিটির ভাষায়, কারসনের সাহিত্যকর্ম সাহসী ও নতুন চিন্তায় ভরপুর। শব্দের উৎপত্তি বা ব্যুৎপত্তি তার লেখার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রাচীন গ্রিক ভাষা থেকে তার করা অনুবাদগুলোও স্বতন্ত্র সাহিত্যকর্ম হিসেবে আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে।
 
অ্যান কারসনের জন্ম ১৯৫০ সালে কানাডার টরন্টোতে। তার সাহিত্যজীবনে কবিতা লেখার পাশাপাশি অনুবাদ ও শিক্ষকতার কাজও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি তিনি প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকস বিষয়ে ডক্টরেটের গবেষণাপত্র ‘ওডি এৎ আমো, এরগো সুম’ প্রকাশ করেন।
 
বিশ্ব সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের বিজয়ী হিসেবে তিনি পাবেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা ৯ লাখ ব্রিটিশ পাউন্ড)। কোনো লেখকের আজীবন সাহিত্যকর্মের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই সম্মাননা দেয়া হয়ে থাকে।

এমএসি/আরএইচ

Link copied