নিজের কথা ও সুরে পূজার গান নিয়ে আসছেন রাহিদা লগ্না

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ০২:০৯


দুর্গাপূজা উপলক্ষে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। তাঁর নতুন গানের নাম ‘মা এলো’। গানটির কথা, সুর ও কণ্ঠ—সবই তাঁর নিজের। আগামী ১৬ অক্টোবর গানটির মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে। এতে গানের পাশাপাশি মডেল হিসেবেও দেখা যাবে তাঁকে।

ফোক ও আধ্যাত্মিক গানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে রাহিদা লগ্নার। এবার পূজার আবহে নিজের কথা ও সুরে তৈরি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন। ভিডিও পরিচালনায় রয়েছেন সজল, আর রূপসজ্জার দায়িত্বে আছেন পাপিয়া।

ছোটবেলা থেকে সংগীতচর্চা

রাহিদা লগ্নার সংগীতচর্চা শুরু হয় মাত্র চার বছর বয়সে। তাঁর প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। পরে চাচা রাশেদুল ইসলাম খোকনের কাছে দীর্ঘদিন সংগীতের তালিম নেন তিনি। জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ঢাকায় নজরুল ইনস্টিটিউট থেকেও প্রশিক্ষণ নিয়েছেন।

বিভিন্ন ধরনের গান গাইলেও ফোক গানেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন লগ্না। লালনগীতির প্রতিও রয়েছে তাঁর বিশেষ অনুরাগ। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।

সংগীতজীবনের শুরুর দিকে ‘সরল’ নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন লগ্না। ওই ব্যান্ডের ব্যানারে প্রকাশিত তাঁর ‘দেহতরী’ গানটি শ্রোতাদের প্রশংসা পেয়েছিল।

প্রকাশিত হয়েছে ‘জল’ ও ‘কেমনে তোরে ভুলি’

রাহিদা লগ্নার গানের তালিকায় রয়েছে বিভিন্ন স্বাদের গান। জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয় তাঁর ‘জল’ গানটি। গানটির কথা ও সুর করেছেন তাপস চৌধুরী। সংগীতায়োজন করেছেন এম এইচ রাহেল, আর ভিডিও পরিচালনা করেছেন ইকবাল হোসাইন।

এরপর ‘কেমনে তোরে ভুলি’ গানটি নিয়েও আলোচনায় আসেন তিনি। ফোক ঘরানার গানটির কথা লিখেছেন রজিব এলিন। সুর ও কম্পোজিশন করেছেন মুরাদ নূর এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও পরিচালনা করেছেন রাফি হিমাদ্রি।

এ ছাড়া ‘ভালো হবে না রে’, ‘আমায় পাগল বানাইয়া দিয়া গেলি’ এবং ‘পাগল বানাইয়া দিয়া গেলিরে বন্ধু’ গানগুলোও রয়েছে তাঁর সংগীতজীবনের উল্লেখযোগ্য কাজের তালিকায়।

নিজের কথা ও সুরে গান

অন্যের লেখা ও সুরে গান গাওয়ার পাশাপাশি নিজের গানও তৈরি করছেন রাহিদা লগ্না। চলতি বছরের জুনে প্রকাশিত ‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’ গানটির কথা ও সুর তাঁর নিজের। এস এ সুমন গানটির সংগীতায়োজন করেছেন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সজল রানা। ভিডিওতে অংশ নিয়েছেন মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংঘের নৃত্যশিল্পীরা।

নিজের কথা ও সুরে গান তৈরির এই ধারাবাহিকতায় এবার ‘মা এলো’ নিয়ে আসছেন লগ্না। গানটির মাধ্যমে পূজার আবহে শ্রোতাদের কাছে পৌঁছানোর পাশাপাশি নিজের সৃজনশীলতার নতুন দিক তুলে ধরতে চান তিনি।

শিল্পী রাহিদা লগ্না জানান, ১৬ অক্টোবর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশের কথা রয়েছে। প্রকাশের পর গানটি শ্রোতাদের কতটা ভালো লাগে, এখন সেটিই দেখার অপেক্ষা।

এমএসি/আরএইচ

Link copied