সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ডের তথ্য চেয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, রাত ০৯:১৩


সৌদি আরবে গত সপ্তাহে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করে তথ্য চেয়েছে ঢাকা। আজ রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার কাছে এ বিষয়ে জানতে চেয়েছে।
 
এর আগে সৌদির আরবের মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগ এনে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশীর মৃত্যু কার্যকর করে রিয়াদ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পরই বিষয়টি ঢাকার নজরে আসে।
 
এ বিষয়ে গতকাল শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এ ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
 
তিনি বলেন, “দণ্ড কার্যকরের আগে মিশনকে কিছুই জানানো হয়নি। কেন জানানো হয়নি বা প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো অন্ধকারে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও আইনি প্রক্রিয়ার তথ্য জানতে চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। জবাব পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।”

এমএসি/আরএইচ

Link copied