৩ দাবিতে গণবিক্ষোভের ডাক এনসিপির
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:১৭
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।
শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছে, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ ‘সব কর্তৃত্ববাদী আইন’ বাতিল করতে হবে।
গণবিক্ষোভের আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বর্তমানে খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধূলিসাৎ হতে বসেছে। সারাদেশে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিনিয়ত এসবের শিকার হচ্ছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে এনসিপি জানায়, গত ১৫ অক্টোবর নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে এক দিনে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় একজন সংসদ সদস্যের নেতৃত্বে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বরাতে এসব পরিসংখ্যান তুলে ধরে এনসিপি।
এনসিপির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে দলটি জানায়, আগে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া এলপিজি গ্যাসের দাম এখন ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত হয়েছে। আগে মাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিদ্যুৎ বিল আসত, এখন তা ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে সয়াবিন তেল, চাল, রসুন, টমেটো, ময়দা, করলা, মসুর ডাল, বরবটি, শুকনা মরিচ, বেগুন ও ডিমের দামও তুলে ধরে এনসিপি। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে সয়াবিন তেল প্রতি লিটার ২০০ থেকে ২১০ টাকা, চাল প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকা, মসুর ডাল ১৫০ থেকে ১৬০ টাকা এবং ডিম প্রতি ডজন ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
এসব পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
এমএসি/আরএইচ