মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই এলিজা জামান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০০৩ সালে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ওই বছরই শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন তিনি। এর পরের বছর সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত করা হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এমএসি/আরএইচ