ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:৪৫


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
 
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
 
এদিকে, বিকাল ৪টা পর্যন্ত সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, দুপুর ২টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে।
 
বলেন, ‘গণনা শেষে পুরোটা বলতে পারবো।’
 
প্রসঙ্গত,শেষ খবর পাওয়া পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফলে একটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ধানের শীষ ৭৪৭, দাড়িপাল্লা ২২৩ ভোট পেয়েছে।

এমএসি/আরএইচ

Link copied