নিককে কাছে পেয়ে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১১:২২
ভালোবাসা মানে শুধু মুখে ভালোবাসি বলা নয়, প্রিয় মানুষের ছোট ছোট ইচ্ছার মূল্য দেয়াও। আর সেই ভালোবাসারই এক সুন্দর উদাহরণ দিলেন হলিউড তারকা নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে করওয়া চৌথের দিনটি কতটা বিশেষ, তা বুঝতে পেরেই আগেভাগে নিজের সফরের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। বিশেষ এই দিনে স্ত্রী ও পরিবারের পাশে থাকতে বাড়ি ফিরেছেন নিক। স্বামীর এমন উদ্যোগে আবেগাপ্লুত প্রিয়াঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভালোবাসার কথা।
এবারের করওয়া চৌথে প্রিয়াঙ্কা পরেছিলেন সিঁদুরে লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক। হাতে ছিল নিজের করা মেহেদি। সেই মেহেদির নকশায় জায়গা পেয়েছে নিক ও মেয়ে মালতি মেরির প্রতি ভালোবাসার ছোঁয়া। উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। কোথাও নিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, কোথাও আবার বাবা-মেয়ের মিষ্টি সময়।
প্রিয়াঙ্কা পোস্টের ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘He came home without me asking him to.. knowing how much it would mean to mm and I.. he made sure tour was set up to be home for karwachauth.. No one like my guy… May a love like this find you all.. happy karwachauth.’
অর্থাৎ, তাকে কিছু বলতে হয়নি। স্ত্রী ও পরিবারের কাছে দিনটির গুরুত্ব বুঝেই নিক নিজের সফরের সূচি এমনভাবে সাজিয়েছেন, যাতে করওয়া চৌথে বাড়িতে থাকতে পারেন।
প্রিয়াঙ্কার এই আবেগঘন পোস্ট মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের জীবনে আসে কন্যাসন্তান মালতি মেরি। কাজের ব্যস্ততার মধ্যেও নিজেদের সংস্কৃতি ও পারিবারিক বিশেষ দিনগুলো একসঙ্গে উদ্যাপন করতে দেখা যায় এই দম্পতিকে।
এমএসি/আরএইচ