আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের শনাক্তে তদন্তে নেমেছে পুলিশ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ০১:৫০
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হামলার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানিয়েছেন, আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আসিফ আকবর মগবাজারের বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন।
পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে তাঁর ব্যক্তিগত গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখা আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
এমএসি/আরএইচ