তুরস্কের বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ বাংলাদেশের, শুল্ক বাধা দূর করার তাগিদ
সোমবার, ২ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৯
বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তুর্কির বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (২ নভেম্বর) ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
আলোচনায় তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত জটিলতার বিষয়টিও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব বাধা দূর করার পাশাপাশি বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমাতে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে তুর্কিয়ে সফর করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এমএসি/আরএইচ