তানবীর হাসানের নতুন সিনেমা ‘যাযাবর’, ঈদে মুক্তির প্রস্তুতি
রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ০১:৩০
চলচ্চিত্র নির্মাণের প্রতি অদম্য ভালোবাসা ও নানা প্রতিকূলতা পেরিয়ে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করছেন নির্মাতা তানবীর হাসান। ২০২৫ সালের শুরুতে মুক্তি পাওয়া ‘মধ্যবিত্ত’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এবার নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে তাঁর।
‘মধ্যবিত্ত’ নির্মাণের পেছনে তানবীর হাসানের গল্পটিও ছিল বেশ সংগ্রামের। মানসম্মত চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন পূরণ করতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হয় তাঁকে। নিজের প্রথম কাজের মানের সঙ্গে আপস না করে স্বপ্ন বাঁচিয়ে রাখতে বিক্রি করতে হয়েছিল নিজের জমি ও স্ত্রীর স্বর্ণালংকারও।
‘মধ্যবিত্ত’ সিনেমায় পরিচালনার পাশাপাশি গল্প, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। এমনকি সিনেমার একটি গানের সুর ও কথা লিখেছেন তিনি নিজেই। নানা জটিলতা পেরিয়ে ২০২৫ সালের ৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ঢালিউডে ওই বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে দর্শকমহলে প্রশংসা পায় এটি। প্রয়াত অভিনেতা মাসুম আজিজের অভিনয়ও সিনেমাটিকে সমৃদ্ধ করে।
প্রথম সিনেমার পর এবার ‘যাযাবর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে দুর্গম গহিন জঙ্গলে। এতে অভিনয় করছেন সজল নূর, ভাবনা, ইভান সাইর, ক্যামেলিয়া রাঙা, সাদমান সামীর, শেখ চাঁদনী, সৌরভ ফারসি, পাপ্পু, রানা, ওমর মালিক, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ওমর সানী, শিবা শানুসহ আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য ও গানের শুটিংও সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে করার পরিকল্পনা রয়েছে। শিগগিরই বাকি কাজ শেষ করে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করতে চান পরিচালক।
এর আগে রাজ রিপা ও শিশির সরদারকে প্রধান চরিত্রে রেখে ‘মৃত্যু ১৯’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তানবীর হাসান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জমকালো মহরতের মাধ্যমে সিনেমাটির যাত্রা শুরু হলেও নানা সংকটে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি প্রকল্পটি।
‘মৃত্যু ১৯’-এর অনিশ্চয়তা পেরিয়ে ‘মধ্যবিত্ত’ দিয়ে নিজের নির্মাণসামর্থ্যের পরিচয় দিয়েছেন তানবীর হাসান। এবার ‘যাযাবর’ দিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে চান তিনি। নতুন সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
এমএসি/আরএইচ