১৭ দিন গোপনে বাংলাদেশে শুটিং, ফেরার গল্প জানালেন স্বাধীন খসরু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:২১
বাংলা নাট্যাঙ্গনের বেশ জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। বিশেষ করে ‘তারা তিনজন’ নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন।
তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে তাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া হয় বলে পোস্টে উল্লেখ করেন অভিনেতা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তার ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছিল। এসব কারণে দেশে ফিরলে বিমানবন্দরে গ্রেপ্তার কিংবা মবের শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তার মধ্যে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও তাকে দেশে ফিরতে নিষেধ করেছিলেন।
সব শঙ্কা উপেক্ষা করে শেষ পর্যন্ত বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন স্বাধীন খসরু। এর পেছনে নির্মাতা নুহাশ হুমায়ূন, ফারুক আহমেদ ও ডা. এজাজ আহমেদের অনুরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নুহাশের দেওয়া নিরাপত্তার আশ্বাসও তাকে দেশে ফিরতে সাহস জোগায়।
গত বছরের ৭ ফেব্রুয়ারি লন্ডন থেকে রওনা হয়ে ৮ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পৌঁছান তিনি। বন্ধুদের সহযোগিতায় কঠোর গোপনীয়তা বজায় রেখে বিমানবন্দর ত্যাগ করেন। এরপর গাজীপুর ও জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন ফারুক আহমেদ ও ডা. এজাজ আহমেদকে নিয়ে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন করেন।
১৩ ফেব্রুয়ারি শুটিং শেষ করে তিনি চলে যান নুহাশ পল্লীতে। সেখানে হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত ‘আয়না ঘর’-এ অবস্থান করেন। প্রতিদিন হুমায়ূন আহমেদের কবরের পাশে সময় কাটানোর পাশাপাশি নুহাশ পল্লীর কর্মীদের আতিথেয়তায় মুগ্ধ হন বলে জানান অভিনেতা। তবে দর্শনার্থীদের ভিড় ও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল।
এরপর পাবনার ঈশ্বরদীর পাকশীতে ফুরফুরা দরবার শরিফের বার্ষিক ওরসে অংশ নেন তিনি। ঢাকায় ফিরে ১৯ ফেব্রুয়ারি একটি ফটোশুটেও অংশ নেন। নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকায় অবস্থানকালে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বন্ধুর ক্যান্টনমেন্টের বাসায় ছিলেন স্বাধীন খসরু।
তবে ১৯ ফেব্রুয়ারিই পরিস্থিতি নতুন মোড় নেয়। বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ম্যাচ চলাকালে টেলিভিশনে স্পন্সর হিসেবে ঘন ঘন প্রচারিত হতে থাকে বিকাশের বিজ্ঞাপনটি। পাশাপাশি বিলবোর্ড ও বিভিন্ন আউটলেটেও বিজ্ঞাপনটি দেখা যেতে থাকে। এতে গোপনে দেশে আসার বিষয়টি আর গোপন থাকেনি।
স্বাধীন খসরু জানান, এর মধ্যেই লন্ডনে থাকা পরিবারের কাছ থেকে খবর পান, ঢাকায় তার বাসায় পুলিশ খোঁজখবর নিতে গেছে। অথচ নুহাশ হুমায়ূনের সঙ্গে তার চুক্তি ছিল, দেশে আসার খবর কোনোভাবেই গণমাধ্যমে প্রকাশ করা হবে না। বিজ্ঞাপনটির ব্যাপক প্রচারই শেষ পর্যন্ত তার বাংলাদেশে অবস্থানের বিষয়টি সামনে নিয়ে আসে।
এরপর দেশে অবস্থানের বাকি দিনগুলো বন্ধুর ক্যান্টনমেন্টের বাসায় কাটান তিনি। অবশেষে ২৩ ফেব্রুয়ারি রাতে নানা উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন এই অভিনেতা। বিমানবন্দর ত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তার মনে ভয় কাজ করছিল বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
দেশ ছাড়ার সময় নিজের অনুভূতি প্রকাশ করে স্বাধীন খসরু লেখেন, ‘বিমান যখন ঢাকার আকাশে, চোখ বন্ধ করে মনে মনে বললাম ভালো থেকো বাংলাদেশ। বেঁচে থাকলে, আবার দেখা হবে ইনশাআল্লাহ।
এক আবশ্যক "কালচারাল ফ্যাসিস্ট" এর পলায়ন!!!’
পোস্টের শেষে সহশিল্পী ফারুক আহমেদ, ডা. এজাজ আহমেদ ও নির্মাতা নুহাশ হুমায়ূনের সঙ্গে তোলা একটি স্মরণীয় ছবিও যুক্ত করেন স্বাধীন খসরু। তার এই দীর্ঘ পোস্টে উঠে এসেছে দেশে ফেরার সিদ্ধান্ত, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী এবং অনিশ্চয়তার মধ্যে কাটানো ১৭ দিনের নানা অভিজ্ঞতা।
এমএসি/আরএইচ