বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ নিয়ে যা বলছে পুলিশ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৩৫
রবিবার (৮ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের এই কঠোর অবস্থানের কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিসি আকতার জানান, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরো ঢাকায় পুলিশি তৎপরতা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পরিধি বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রতিটি এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রাখা হয়েছে, যেন অপরাধীরা কোনো প্রকার সুযোগ নিতে না পারে। মানুষের মধ্য থেকে আতঙ্কের ছাপ দূর করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই পুলিশের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাই পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে এসব সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে, তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের সক্রিয় সদস্যরাও জড়িত রয়েছে।’
ককটেল তৈরির উপকরণের উৎস নিয়ে ডিসি আকতার হোসেন জানান, এর আগে বিস্ফোরক ও ককটেল বানানোর সরঞ্জামসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া নাশকতার জন্য পেট্রোল পাম্প বা অন্য কোথাও থেকে অবৈধভাবে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এমএসি/আরএইচ