৪০০ রানের সংগ্রহ গড়ে অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:২৮


জোহানেসবার্গ টেস্টের শুরুতেই গতির ঝড় তুলে বাংলাদেশকে কুপোকাত করেছিলেন কাগিসো রাবাদা। তবে শুরুর ধাক্কা সামলে ইনিংসের সমাপ্তি দারুণ টেনেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে শেষ হয়েছে কাঁটায় কাঁটায় ৪০০ রানে।

শেষটা দুর্দান্ত হওয়ার পেছনের নায়ক তাওহিদ হৃদয় ও লিটন দাস। দুজনের দুর্দান্ত সেঞ্চুরিতেই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জোড়া সেঞ্চুরি হাঁকানোর পথে ষষ্ঠ উইকেটে ২০৬ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা।

গতকাল দিনের শেষ বলে ১৩৭ রানে আউট হন হৃদয়। আর আজ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১২০ রানের ইনিংসটি মেয়েকে উৎসর্গ করেন তিনি। বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটারের আজ জন্মদিন।

লিটন-হৃদয়ের দুর্দান্ত জুটির আগে বড় সংগ্রহে অবদান রেখেছেন তানজিদ হাসান তামিমও। ওপেনিংয়ে নেমে ৬৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। এই ইনিংস খেলার পথেই চতুর্থ উইকেটে হৃদয়ের সঙ্গে ৯৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলিয়েছিলেন তিনি। অন্যথা, রাবাদার তোপে দলীয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।

আজ দ্বিতীয় দিনের খেলা ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে শুরু করেছিল বাংলাদেশ।

বাকি ৪ উইকেট আজ ৭৩ রানে হারিয়েছে সফরকারীরা। সবকটি উইকেটই নিয়েছেন ড্যান প্যাটারসেন। তবে প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন রাবাদা।

এমএসি/আরএইচ

Link copied