৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি

রাজনীতি প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, বিকাল ০৭:০৯


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ প্রায় ৭০ জন বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হতে পারে। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পাশাপাশি তাদের অতীত রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক অবদান ও স্থানীয় পর্যায়ে প্রভাব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

দলটির নীতিনির্ধারকদের মতে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ বিরোধ এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন এলাকায় বহিষ্কৃত নেতাদের অনুসারীদের সঙ্গে দলীয় প্রার্থী ও সংসদ সদস্যদের সমর্থকদের দূরত্ব তৈরি হয়েছে। কোথাও কোথাও দলীয় কর্মসূচিও পালিত হচ্ছে পৃথকভাবে। এমন পরিস্থিতিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভক্তি দূর করা এবং সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অন্তত ৭০ জন নেতা বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বহিষ্কার করা হলেও নির্বাচনের পরও নিজ নিজ এলাকায় তাদের রাজনৈতিক প্রভাব ও অনুসারী কমেনি। বরং অনেক এলাকায় এসব নেতাকে কেন্দ্র করে নতুন করে গ্রুপিং ও সাংগঠনিক বিভক্তি তৈরি হয়েছে।

গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে এ বিভক্তির চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাদের কর্মসূচির বাইরে গিয়ে বহিষ্কৃত নেতারা পৃথক কর্মসূচি পালন করেন। কোনো কোনো এলাকায় এসব কর্মসূচিতে সাধারণ নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিও কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আবেদন যাচাই করে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো জানান, বহিষ্কৃত নেতাদের দলে ফেরার আবেদনগুলো ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করছেন। যাদের আবেদন যথাযথ এবং অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।

তিনি জানান, এ প্রক্রিয়ায় শুধু বিদ্রোহী প্রার্থীরাই নন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভূমিকা রাখার অভিযোগে বহিষ্কৃত অন্য নেতারাও দলে ফেরার সুযোগ পাবেন। কতজনকে ফেরানো হবে, সেটি মুখ্য নয়; বরং অতীত অবদান ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় নিয়ে দলকে ঐক্যবদ্ধ করাই এ উদ্যোগের উদ্দেশ্য। তার ধারণা, ফেরানোর সংখ্যা কয়েক শ হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রত্যেকের আবেদন ও বহিষ্কারের প্রেক্ষাপট এক নয়।

রিজভীর ভাষ্য, স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি এবং যাদের অপরাধের মাত্রা তুলনামূলক কম, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান বিষয়গুলো পর্যালোচনা করছেন।

মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে

বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

মনিরুল ইসলামের বিষয়ে রিজভী বলেন, স্থানীয়ভাবে তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী নেতা। সংগঠন এবং আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা রয়েছে। জোটের কারণে হয়তো ওই আসনে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি বিএনপি চেয়ারম্যান বিবেচনা করেছেন।

এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের দলে ফেরানোর উদ্যোগ আরও দৃশ্যমান হয়েছে।

শোভাযাত্রায় নিরবের উপস্থিতি নিয়েও আলোচনা

বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর আলোচনার মধ্যে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবের উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান। এ প্রসঙ্গে সাইফুল আলম নিরব বলেন, দলে তার পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক কিংবা না হোক, তিনি বিএনপিতেই থাকবেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করেই তিনি রাজনীতি করেন। নির্বাচনের পরও দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি পালন করছেন। দল তার বিষয়টি বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বহিষ্কৃত বিদ্রোহীদের মধ্যে সাতজনের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। তারা হলেন- ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১), এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।

এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বাড়ছে সমঝোতার তাগিদ

জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ ও বহিষ্কারের জের এখনো বিএনপির তৃণমূল পর্যায়ে রয়ে গেছে। দীর্ঘ সময় পর ক্ষমতায় ফিরলেও বিভিন্ন সাংগঠনিক ইউনিটে পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বহিষ্কৃত অনেক নেতা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয়ভাবে ফিরতে না পারলে বিভিন্ন স্তরে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

বহিষ্কৃত নেতাদের দাবি, জাতীয় নির্বাচনে তারা উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছে। ফলে দলীয়ভাবে বহিষ্কৃত হলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব অটুট রয়েছে।

অন্যদিকে জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় বিএনপি। এ অবস্থায় বিদ্রোহী নেতাদের সঙ্গে বিরোধ অব্যাহত থাকলে নির্বাচনে দলীয় সমন্বয় বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।

আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এবার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে দলটি।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে বিএনপির দুই থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কোনো কোনো এলাকায় এ সংখ্যা আরও বেশি। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একক প্রার্থী নিশ্চিত করতে চায় দলটির নীতিনির্ধারকরা।

এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগ নিয়েও বিএনপির মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনার কথা উল্লেখ করে দলটির নেতারা বলছেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে সক্রিয় রাখা প্রয়োজন।

তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি রয়েছে; এমন নেতাদের বাইরে রেখে দলকে শক্তিশালী করা কঠিন। তাই বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার মাধ্যমে একদিকে পুরোনো বিরোধ মেটানো, অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন করে বিদ্রোহ ও বিভক্তির আশঙ্কা কমাতে চায় বিএনপি।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন জানিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিষয়টিকে সাময়িক মনে করেন তিনি। বিএনপির সঙ্গে তার সম্পর্ক আত্মার ও রক্তের সম্পর্ক বলেও মন্তব্য করেন এই নেতা।

নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে ফরহাদ ইকবাল বলেন, কলেজজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। সরকারি এমএম আলী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। পরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তরুণ বয়সে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পরপর দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তার ভাষ্য, প্রায় ৪০ বছর ধরে বিএনপি, দলের তৃণমূলের নেতাকর্মী এবং জেলার সাধারণ মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ফরহাদ ইকবাল জানান, সাধারণ মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিলেন। পরিস্থিতির চাপে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ফরহাদ আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন। তিনি যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে বিশ্বাস করেন। শিগগিরই দলে ফিরে পরাজিত ও পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করার সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এমএসি/আরএইচ

Link copied