রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

রাজনীতি ডেস্ক

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৩০


জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে খুব শিগগিরই এ সংলাপ শুরু হতে পারে। প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য জোরদার করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। আগামী কয়েক দিনের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

জানা গেছে, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের বাইরে রয়েছেন। তাঁদের দেশে ফেরার পর সংলাপের কার্যক্রম শুরু হতে পারে। তবে এর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করার পরিকল্পনাও রয়েছে।

জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। গত ১৩ নভেম্বর তিনি যুক্তরাজ্য সফরে যান। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তিনি দেশে ফিরতে পারেন।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের দাবি, ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে। তবে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সংলাপ আয়োজনের বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। বিএনপির উচ্চপর্যায়ের দুজন নেতাও জানিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা সংলাপের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। তাঁদের একজনের ভাষ্য, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

এদিকে, সংলাপের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া। ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ন্যাচারাল অ্যালায়েন্স দেশে আছে। এখন যে নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ সেই ঐক্যে কোথাও না কোথাও নিশ্চয়ই চিড় ধরেছে। সেটির কারণ অনুসন্ধান করতে হবে। আর ঐক্যের ভিত্তিমূলও থাকা জরুরি।’

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির অনেক নেতা-কর্মী ভারতে আশ্রয় নেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়ার পর গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহন, পুলিশের বিভিন্ন স্থাপনা, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা কার্যালয় এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে পুলিশ। অন্যদিকে, বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার ভিডিও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশের ঘটনাও সামনে এসেছে।

এ পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে এই গোষ্ঠীকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে আসার আহ্বান জানান। ওই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্তে কথাও হয়।

এর পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় বিরোধী জোট জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। তবে গতকাল রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতের নেতারা জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন।

বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সংসদের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার যে আহ্বান জানিয়েছিলেন, বর্তমান সংলাপের উদ্যোগ তারই ধারাবাহিকতা। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এমএসি/আরএইচ

Link copied