গোপালগঞ্জে থানায় আগুন, অতিরিক্ত এসপি গ্রেপ্তার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ০২:০২
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে ময়মনসিংহের এসআরবি-১৪-তে বদলি করা হয়।
সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা।
ওই ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা বলেন, সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল এসে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে নিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা ডিবির সঙ্গে যোগাযোগ করুন।
এমএসি/আরএইচ