একাদশে কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:৩৯


২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চারটি কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি করানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ভর্তি কার্যক্রম চিঠি জারির তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। এতে তালিকায় থাকা শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
 
চিঠিতে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় আবেদন করা শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে বলা হয়েছে।
 
এ জন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চিঠি জারির তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে এ ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

এমএসি/আরএইচ

Link copied