আফগানিস্তানের বিপক্ষে ১০৬ রানের লিড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, দুপুর ০১:১৬


হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। তৃতীয় দিনের সকালে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ ছয় উইকেট হারায় তারা। এর মধ্যে হাসান তুলে নেন হ্যাটট্রিকসহ ৫ উইকেট।
 
দিনের শুরুতে ৪ উইকেটে ২১১ রান নিয়ে ব্যাট করতে নামে আফগানিস্তান। নতুন বল হাতে নিয়েই ইকরাম আলীখিলকে বোল্ড করেন ইবাদত হোসেন। এরপর ইনিংসের ৮৩তম ওভারে টানা তিন বলে ইসমত আলম, কায়েস ও জিয়া-উর-রেহমানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান।
 
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান। দেশের হয়ে এই কীর্তি গড়া তৃতীয় বোলার তিনি। এর আগে অলক কাপালি ও সোহাগ গাজী টেস্টে হ্যাটট্রিক করেছিলেন। একই সঙ্গে টেস্টে ৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে দ্রুততম এই অর্জন তাঁর।
 
তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আফগান অধিনায়ক রহমত শাহ। ৮৯ ওভারে দলীয় ২৩৬ রানে নবম উইকেট পড়ার পরও লড়াই চালিয়ে যান তিনি। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই শতক পেলেন রহমত, টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি।
 
শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থামে ২৪০ রানে। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নেন পাঁচ উইকেট, ইবাদত হোসেনের শিকার তিনটি। প্রথম ইনিংসে ৩৪৬ রান করা বাংলাদেশ এখন ১০৬ রানের লিড পেয়েছে।

এমএসি/আরএইচ

Link copied