বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ০১:২৩
বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, আজমপুর এলাকায় ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অফিসের ব্যস্ত সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান পাননি তারা। এ কারণে বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক থেকে এখনও সরে যাননি।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। ওই সময় তাদের দাবি ছিল, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা।
এমএসি/আরএইচ