সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, রাত ১০:১৮


সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।
 
সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে।
 
তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এমএসি/আরএইচ

Link copied