৫ দিনের মাথায় চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৪৫


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়াকে ওই পদ থেকে ‘অব্যাহতি দেয়া হয়েছে’ বলে শুক্রবার জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এর আগে, জনসমক্ষে তাকে নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি জ্যাকারিয়াকে চাকরি পুনর্বিবেচনা করতে বলেছেন।
 
সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি তাকে বলেছিলাম: ‘আমার মনে হয়, আপনি সুখী থাকলেই আপনার জন্য ভালো হবে। আর এই কাজের মধ্যে আপনি কখনও সুখী হতে পারবেন কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। এই কাজের কোনো কিছুই সহজ নয়।’
 
তিনি আরও বলেন, আমি তাকে খোলাখুলিভাবে বলেছিলাম, ‘আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম... এটা নিয়ে ভাবতাম। তবে আমি পুনর্বিবেচনা করতাম।’
 
পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, জ্যাকারিয়া প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাচ্ছেন।
 
সোমবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং মঙ্গলবার হোয়াইট হাউসে তার প্রথম সংবাদ ব্রিফিং পরিচালনা করেন।
 
তিনি বলেছিলেন, গত বুধবার প্রেস সেক্রেটারির পদের বিষয়ে তাকে ফোন করা হয়েছিল এবং গত শুক্রবার তাকে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।
 
পরে ট্রাম্প তার নিয়োগের ঘোষণা দেন। ওই ঘোষণায় তিনি জ্যাকারিয়াকে একজন আইনজীবী হিসেবে উল্লেখ করেন। তবে তিনি সত্যি সত্যিই বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা, তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
 
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যাকারিয়া বলেন, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি।

এমএসি/আরএইচ

Link copied