বার্সেলোনাকে হারিয়ে পিএসজির দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক

বুধবার, ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৪১


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে দুই দলের জমজমাট লড়াইয়ে শেষ দিকে তিন গোল করে দুর্দান্ত জয় তুলে নেয় ফরাসি জায়ান্টরা। ম্যাচের ৮১ মিনিটে ভিতিনহার গোলে এগিয়ে যাওয়ার পর ৮৬ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে জয় নিশ্চিত করে পিএসজি।
 
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায় দুই দলের লড়াই। প্রথমার্ধে ৩৮ মিনিটে দেজিরে দুয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। জোয়াও নেভেসের পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি ফরোয়ার্ড।
 
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। ম্যাচের ৫৫ মিনিটে ফেরমিন লোপেজের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান তরুণ ডিফেন্ডার জাভি এসপার্ট। তবে ৭২ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে গোল করে পিএসজিকে আবারও এগিয়ে দেন লুকাস হার্নান্দেজ।
 
এরপর ৭৯ মিনিটে লামিন ইয়ামালের গোলে ফের সমতায় ফেরে বার্সেলোনা। ফলে ম্যাচের শেষ দিকে দুই দলের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কাতালানরা।
 
৮১ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দারুণ শটে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। এরপর ৮৬ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
 
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিল পিএসজি। অন্যদিকে, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা। তবে আক্রমণাত্মক ফুটবলে গোলের ধারা ধরে রেখেছে স্প্যানিশ ক্লাবটি।
 
পিএসজির জন্য জয়ের রাত হলেও চোটের কারণে ওসমান দেম্বেলে ও খভিচা কাভারাস্খেলিয়াকে হারানো কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের চোটের মাত্রা কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়।
 
এদিকে, বার্সেলোনার সামনে এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ। আগামী রোববার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জয় পেলে শিরোপার লড়াইয়ে বড় সুবিধা পেতে পারে কাতালানরা।

এমএসি/আরএইচ

Link copied