কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫১
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে জেলার নুরপুর-তেলিকোনা সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।
শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে কয়েকজন ব্যক্তি একত্র হয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি খুব অল্প সময় স্থায়ী হয়। পুলিশের হিসাবে, এর স্থায়িত্ব ছিল আনুমানিক ৩০ সেকেন্ড থেকে এক মিনিট।
মিছিলের পর সংশ্লিষ্ট এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে এতে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালায় পুলিশ। ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সম্ভাব্য অংশগ্রহণকারীদের চিহ্নিত করার পর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে কাইয়ুমসহ মোট ১০ জনকে আটক করা হয়।
আটক কাইয়ুম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তবে আটক অন্য ব্যক্তিদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করতে ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত ছিলেন, তাঁদের শনাক্ত করা এবং আইনি প্রক্রিয়ার আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ঝটিকা মিছিলে অংশ নেওয়া বাকি ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসি/আরএইচ