মণ্ডপে কাজলের কাণ্ড, ভাইরাল ভিডিও

বিনোদন প্রতিবেদক

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, রাত ১০:৩২


তারকাদের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন অভ্যাস নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। পর্দায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, অথচ বাস্তব জীবনের ছোট্ট একটি অভ্যাসেই যেন ধরা দিলেন সাধারণ বাঙালি মেয়ের চেনা রূপ। দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা গেছে অভিনেত্রী কাজলকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।

ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন কাজল। খাওয়া শেষে শাড়িতে হাত মুছে নেন তিনি। আর সেই দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়। বলিউডের পরিচিত মুখের এমন সহজ-স্বাভাবিক আচরণ নজর কেড়েছে নেটিজেনদের।

বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজলের জন্ম বাঙালি পরিবারে। বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। তবে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই দৃশ্যমান। বিশেষ করে মুম্বাইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনে থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজপোশাকেও ফুটে ওঠে সেই ঐতিহ্য।

নবমীর সকালে নীল শাড়ি ও উজ্জ্বল হলুদ রঙের সাজে পূজামণ্ডপে হাজির হয়েছিলেন কাজল। উৎসবের আমেজে তাঁর উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি শাড়িতে হাত মোছার ছোট্ট ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

ভিডিওটি দেখে কেউ কেউ কাজলকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার অনেকে নিজেদের দৈনন্দিন অভ্যাসের সঙ্গে তাঁর আচরণের মিল খুঁজে পেয়েছেন। একজনের মন্তব্য, ‘এটা তো আমিও করি।’

তারকাদের ঝলমলে জীবনের আড়ালে এমন পরিচিত ও স্বাভাবিক মুহূর্তই তাঁদের ভক্তদের কাছে আরও আপন করে তোলে। কাজলের নবমীর এই ভিডিওতেও যেন উঠে এসেছে সেই চেনা বাঙালিয়ানার ছবি।

এমএসি/আরএইচ

Link copied