নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ভাতে টিকটিকি পাওয়ার অভিযোগ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:১৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশন করা ভাতে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর খাবারের মান ও নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খাওয়ার সময় ভাতের মধ্যে টিকটিকি দেখতে পান বলে দাবি করেছেন হলের শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে তিনি ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
পোস্টে ওই শিক্ষার্থী লেখেন, ‘আমি দুপুরে খেতে যাই। অর্ধেক খাওয়ার পর দেখি, আমার প্লেটে সেদ্ধ টিকটিকি। পরে ডাইনিং পরিচালককে অভিযোগ দিয়ে চলে আসি।’
এ বিষয়ে ডাইনিং পরিচালক বলেন, ‘সিলিং থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে গেছে। রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় এটি ভাতের মধ্যে চলে যায়। কেউ খেয়াল করেনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব ভাত ফেলে দিয়েছি।’
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিয়েছি। দেয়াল থেকে একটি টিকটিকি হঠাৎ ভাতের গামলায় পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। আমরা ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।
অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে এবং ওই গামলার অবশিষ্ট ভাত আর পরিবেশন করা হয়নি।’
এমএসি/আরএইচ