নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিতর্কে নেতানিয়াহু
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, রাত ০৩:২৭
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলো ভোট ‘চুরি’ করেছে বলে অভিযোগ তুলেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ব্যাপক ভোট জালিয়াতি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তদন্তে পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
এক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করেছে, ‘সন্ত্রাসবাদকে সমর্থনকারী এবং ইহুদি রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া আরব দলগুলো ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি ও ভোটারদের সংগঠিত করতে অবৈধ সফটওয়্যার ব্যবহারের মতো গুরুতর অপরাধের মাধ্যমে ইসরায়েলের নির্বাচন চুরি করেছে।’
ইসরায়েলের প্রতিটি নির্বাচনে অংশ নেওয়া এবং নেসেটে আসন থাকা আরব-প্রধান রাজনৈতিক দল রা’আম ও জয়েন্ট লিস্ট এবার রেকর্ডসংখ্যক ভোট পেয়েছে। প্রাথমিক হিসাবে দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে, যা তাদের জন্য ঐতিহাসিক সর্বোচ্চ। এই আসনসংখ্যার কারণে নেতানিয়াহুর জোট এবং তাঁর বিরোধী ইহুদি-প্রধান দলগুলো- কোনো পক্ষেরই এককভাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই।
নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অবৈধ বলে দাবি করে আসছিল নেতানিয়াহুর দল।
বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে লিকুদ পার্টি জানায়, তারা পুলিশ, শিন বেত ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে ‘শত শত সাক্ষ্য’ এবং অন্যান্য প্রমাণ জমা দিচ্ছে। এসব প্রমাণের মধ্যে রয়েছে ‘নগদ অর্থ ও রা’আমের প্রতীকসংবলিত হাজারো খাম, ভোটকেন্দ্রের কমিটির সদস্যদের হুমকি ও তাঁদের ওপর সহিংসতা, ভোট দেওয়ার গোপন কক্ষে একাধিক ভোটারের উপস্থিতি, একাধিকবার ভোট দেওয়া, ভোটারসংখ্যার সঙ্গে ব্যালটের খামের সংখ্যায় অসংগতি এবং ভোটারদের সংগঠিত করতে অবৈধ সফটওয়্যার ব্যবহারের’ অভিযোগ।
লিকুদ পার্টি অভিযোগগুলোর ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ দাবি করেছে। একই সঙ্গে এ বিষয়ে তদন্তের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছ থেকে অবিলম্বে জবাব চেয়েছে দলটি।
এর আগে বৃহস্পতিবার চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় নির্বাচন কমিটির এক কর্মকর্তা নির্বাচনে কারচুপির অভিযোগ নাকচ করে দেন।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
এমএসি/আরএইচ