সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:২১
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি করেন।
দুদক জানিয়েছে,সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
অন্যদিকে, তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানিয়েছে দুদক।
এ ব্যাপারে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন,নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদের বিবরণীসহ বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা করা হয়েছে।
এমএসি/আরএইচ