সন্ধ্যা ৬টার পর পদ্মা সেতু এলাকায় নদীতে ঘোরাফেরা নিষিদ্ধ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, রাত ০২:৫৪


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা ৬টার পর পদ্মা নদীতে পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সেতু এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের সদস্যদের নিয়ে এসব এলাকা পরিদর্শন করেন ইউএনও।

পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মা সেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে পদ্মা সেতুর পিলারসংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর পর্যটকেরা যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শনে অংশ নেন।

মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদীকেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নদীপথে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এমএসি/আরএইচ

Link copied