ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ, অধরা রইল শিরোপা

ক্রীড়া ডেস্ক

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, রাত ০৯:১৬


ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালের ফাইনালে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের বাকুতে টায়ার-ই ফাইনালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশের কিশোররা। তবে শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
 
ফাইনালে বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। তাদের হয়ে মোহি ১৪, ২৬ ও ৩৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন। ১৬ মিনিটে পেনেল করেন আরেকটি গোল। প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
 
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন তাকিব। ২৩ মিনিটে তার গোলে ব্যবধান কমিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ৪-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
 
ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পথচলা ছিল উল্লেখযোগ্য। গ্রুপ পর্বে পর্তুগাল ও ওয়েলসের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার পর নকআউট পর্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি।
 
শেষ ৩২-এ সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে পরের রাউন্ডে ওঠে বাংলাদেশ। শেষ ষোলোতে সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় তারা।
 
কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের কিশোররা। এরপর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। তবে শিরোপার লড়াইয়ে এসে থামতে হলো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কাছে হেরে।
 
প্রথমবারের মতো আয়োজিত এই ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নেয় ১৯১টি দেশের দল। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হয় ম্যাচগুলো। প্রতি ম্যাচের দৈর্ঘ্য ছিল ৪০ মিনিট।
 
ফাইনালে হারলেও বিশ্বমঞ্চে বাংলাদেশের কিশোর ফুটবলারদের এই অর্জন দেশের বয়সভিত্তিক ফুটবলের জন্য নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার বার্তা হয়ে থাকল।

এমএসি/আরএইচ

Link copied