বিএনপির ভেতরেই খুনাখুনি হচ্ছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, রাত ০৯:৫৮


বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লে. কে এম তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে কোনো গোয়েন্দা তথ্য না থাকা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-কুষ্টিয়া লং মার্চের সবশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।  

গোলাম পরওয়ার বলেন, ‘নিত্য খবরে দেখা যায় কী পরিমাণ হত্যা, নৃশংসতা, বর্বরতা। একজন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা নিখোঁজ এরপর মিললো মরদেহ। প্রধানমন্ত্রীর কাছে খবর যায়, এক জায়গা থেকে টাকা আসে, আর আরেক নেতার ষড়যন্ত্রে দেশ চলে। এটা নাকি বিশ্বস্ত সূত্রের গোয়েন্দা তথ্য। কিন্তু এত বড় একজন বিমানবাহিনীর কর্মকর্তা নিখোঁজ হয়ে গেলেন এবং মরদেহ পাওয়া গেল কিন্তু সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই। কিছুই তারা বলতে পারে না, এটা গোয়েন্দা ব্যর্থতা।’

বিএনপির ভেতরেই খুনাখুনি হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘নাটোরে একটা হয়ে গেল একেবারে সদ্য। খুনিদের সঙ্গে সংশ্লিষ্ট এক গার্ডিয়ান মিডিয়াতে বলছেন- আমি নিহতের পরিবারকে ২০ লাখ টাকা দেব। মানে একটা লোক মরলে ২০ লাখ টাকা! এসব দলীয় কোন্দল এবং হত্যাকাণ্ড বিভিন্ন জায়গায় প্রতিদিন ঘটছে। প্রায় দুইশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের নিজস্ব কোন্দলের মধ্যে—চাঁদা নিয়ে মারামারি কিংবা কিশোরগ্যাং সংক্রান্ত।’ 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, ‘সরকার ইচ্ছা করে দেশকে একটি রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপি বাংলাদেশকে সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করছে৷’

গোলাম পরওয়ার বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যে শতভাগ সন্তুষ্ট নয় জামায়াত। এই নির্বাচন মোটাদাগে সুষ্ঠু হয়নি।’ 

সকল বাধা উপেক্ষা করেই ১১ দলীয় ঐক্যের লং মার্চ কুষ্টিয়া পৌঁছাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সাত দফা দাবির অনুকূলে দেশের জনমতকে সংগ্রহ করা এবং সরকারের দায়িত্ব পালনে সকল ক্ষেত্রে ব্যর্থতার ব্যাপারে জনগণকে সতর্ক করাই লং মার্চের লক্ষ্য। এটা আমাদের তৃতীয় দফা লং মার্চ কর্মসূচি। প্রথম দফায় আমরা চট্টগ্রাম, পরবর্তী দফায় রংপুর গেয়েছি। এই দফা আমাদের খুলনা হয়ে কুষ্টিয়া।’

গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের কোনো বিকল্প নেই জানিয়ে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার যদি একদলীয় কিংবা একগুঁয়েমি মনোভাব নিয়ে চললে, তাহলে বুঝতে হবে সরকারই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই বিষয়টি সংসদে নিষ্পত্তি হোক।’

এমএসি/আরএইচ

Link copied