পরীমনির ‘গায়ে হাত’ অভিযোগ নিয়ে প্রশ্ন, সাংবাদিকের ডান হাতে জন্মগত প্রতিবন্ধকতা

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, রাত ১০:০৫


আদালত প্রাঙ্গণে সাংবাদিকের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির তোলা ‘ব্যাডটাচ’ বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরীমনির অভিযোগ সত্য নয়। যে সাংবাদিকের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, তার ডান হাতে জন্মগত প্রতিবন্ধকতা রয়েছে। ঘটনার সময় তার অন্য হাতে মোবাইল ফোন ছিল বলেও দাবি করেছেন ওই সাংবাদিক।

অভিযুক্ত সাংবাদিকের নাম রবিউল ইসলাম রাজু। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি বলেন, পরীমনি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন। আদালতের লিফটে ওঠার সময় থেকেই তার ক্ষোভের সূত্রপাত। ওই সময় তিনি ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে পরীমনি তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

নিজের শারীরিক প্রতিবন্ধকতার বিষয়ে রাজু বলেন, ‘আমার ডান হাতে প্রতিবন্ধকতা আছে। এই হাত খুবই কম ব্যবহার করি। আমার অন্য হাতে মোবাইল ফোন ছিল।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রবিউল ইসলাম রাজু সহকর্মীদের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান চিত্রনায়িকা পরীমনি। পরে আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও সহকারীদেরও চড়াও হতে দেখা যায়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা তাকে ঘিরে আদালত থেকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। কেউ কেউ দূর থেকে প্রশ্ন করেন, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’

প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা ওই ঘটনার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীমনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। পরে ক্ষোভ প্রকাশ করতে করতে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন পরীমনি।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এমএসি/আরএইচ

Link copied